Thursday, January 22, 2026
Latestআন্তর্জাতিক

‘বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়েছে, নভেম্বরেই ভারতে আসবেন ট্রাম্প’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক মাসে ধরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছে। ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাশাপাশি চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের বাড়তে থাকা সখ্যতা নিয়ে ট্রাম্পের উল্টোপাল্টা মন্তব্যে সম্পর্কের মধ্যে চিড় ধরেছিল। জানা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কোয়াড লিডার্স সামিটে (QUAD Leaders Summit) অংশ নিতে ভারতে আসবেন না। তবে ফের তিনি আসবেন বলে জানিয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন করে ভারত আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। আমেরিকার ভারতে রাষ্ট্রদূত সার্গিও গোর (Sergio Gor) নিশ্চিত করেছেন, “কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন ট্রাম্প। ইতিমধ্যেই এই সামিট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।” যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে এই বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুন ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে কোয়াড সামিটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করলেও, শুল্ক এবং কৌশলগত সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বিশেষ করে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, শুল্ক দ্বিগুণ করে দেয়ার মতো কঠোর অবস্থান এবং চিন-রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ট্রাম্পকে ভারতে আসতে অনিচ্ছুক করে তুলেছিল। তবে এবার সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে, ট্রাম্প আসবেন।

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাতেও গতি পেয়েছে। রাষ্ট্রদূত সার্গিও গোর বলেন, “আমাদের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। যদিও ট্রাম্প ভারতের সমালোচনা করেন, তবুও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে কখনো পিছপা হননি। আমরা এখন শুল্ক নিয়ে একাধিক দিক নিয়ে আলোচনা করছি। বিশেষ করে আমেরিকা চায় ভারত তাদের কাছ থেকে ক্রুড তেল কিনুক এবং ভারতের বিশাল মধ্যবিত্ত বাজারে প্রবেশের সুযোগ পেতে চায়।”

এই মুহূর্তে সবার নজর শুল্ক ইস্যুতে। ট্রাম্প কি ভারতের ওপর শুল্ক কমাবেন? সেটাই এখন দেখার বিষয়। বাণিজ্য চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে কী ট্রাম্প ভারত সফরের আগেই শুল্ক ইস্যুর সমাধান করবেন? আপাতত সেদিকেই নজর সকলের।