হিন্দু শরণার্থীদের জমি ও পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা, আগামী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের আদলে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আগামী রাজ্য বাজেটে নতুন প্রকল্প আনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি শরণার্থীদের নাগরিকত্ব, নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) শংসাপত্র এবং বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা শরণার্থী, যাঁরা নিজেদের ধর্ম বাঁচাতে এখানে আসছেন, তাঁরা সবাই CAA শংসাপত্র, নাগরিকত্ব এবং সব সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন। হিন্দু শরণার্থীরা যাঁরা আসবেন, তাঁদের জন্য উত্তরপ্রদেশ সরকারের মতো জমি ও পাকা বাড়ি দেওয়া হবে। আগামী বাজেটে এই নিয়ে নতুন প্রকল্প নিয়ে আসব।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের কারণে সমস্যার মুখে পড়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তাঁদের মাথার উপর স্থায়ী ছাদ নিশ্চিত করার পাশাপাশি জমি বরাদ্দ এবং পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। আগামী রাজ্য বাজেটে এই সংক্রান্ত প্রকল্পের রূপরেখা সামনে আসতে পারে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাঁদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সল্টলেকের করুণাময়ীতে হিন্দু সনাতন ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।
এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। রাজ্য বিজেপির অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও হত্যার ঘটনায় বামপন্থীরা যথেষ্ট সরব হচ্ছেন না। অথচ গাজা, ফিলিস্তিন কিংবা পাকিস্তানের বিভিন্ন ঘটনা নিয়ে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
সব মিলিয়ে, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও পাকা বাড়ি দেওয়ার প্রস্তাব এবং আগামী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণাকে কেন্দ্র করে ভারত সরকার যে শরণার্থীদের পাশে তা আরও একবার প্রমাণিত হলো।

