Monday, December 15, 2025
Latestআন্তর্জাতিক

‘২০২৬ সালের ৫ মার্চ নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’, দায়িত্ব নিয়েই ঘোষণা সুশীলার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালে চরম রাজনৈতিক অস্থিরতার মাঝেই প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। শুক্রবার রাত ৯টায় রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট শীতল নিবাসে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল সুশীলাকে শপথ বাক্য পাঠ করান।

৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও তিনি। ২০১৬ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় এক বছর তিনি নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তার ব্যতিক্রমধর্মী নেতৃত্ব ও আইনি প্রজ্ঞা তাঁকে বিশেষভাবে স্বীকৃতি এনে দিয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে এই নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনেই ঘোষণা করা হয়, ২০২৬ সালের ৫ মার্চ নেপালে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।