কাঁথি থানায় ঢুকে IC-কে ধমক দিলেন তৃণমূল নেতা
কাঁথি: দলীয় নেতার কান্ডে চরম অস্বস্তিতে তৃণমূল। এবার থানায় ঢুকে আইসিকে শাসালেন অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। উল্লেখ্য, সুপ্রকাশ গিরিকে সম্প্রতি জেলা যুব তৃণমূলের সভাপতি করেছে তৃণমূল। এরই মধ্যে থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের শাসালেন তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলকে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁথি থানায় ঢুকে আইসি কৃষ্ণেন্দু দত্তকে ধমকাচ্ছেন রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। সুপ্রকাশের অভিযোগ, দালালি করছেন আইসি কৃষ্ণেন্দু দত্ত। ভিডিওতে সুপ্রকাশকে বলতে শোনা যায়, চারিদিকে আমাদের ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এটা আমাদের ভালো লাগছে না। আপনাকে কিছু বললেই ‘হুঁ হুঁ’ করেন। এরপর আঙুল উঁচিয়ে আইসিকে তিনি বলেন, দালালি বন্ধ করুন আইসি সাহেব। সুষ্ঠুভাবে কাজ করুন।
জানা যায়, মঙ্গলবার রাতে আচমকাই দলবল নিয়ে কাঁথি থানা হাজির হন সুপ্রকাশ। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে নয়াগ্রাম থানা থেকে কাঁথি থানায় বদলি হয়ে এসেছেন কৃষ্ণেন্দুবাবু।
প্রসঙ্গত, সম্প্রতি নন্দীগ্রামের জনসভা থেকে সুপ্রকাশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারী-সহ জেলার দলত্যাগী নেতাদের হুশিয়ারির সুরে বলেন, আগে তো সুপ্রকাশের সঙ্গে লড়ো, তারপর তৃণমূলের কথা ভাববে। এরপরেই হয়তো নিজের ক্ষমতা জাহির করতেই থানায় ঢুকে হুমকি দিলেন সুপ্রকাশ এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


