India US LPG Deal : ২০২৬ সালে আমেরিকা থেকে ২২ লাখ টন রান্নার গ্যাস আমদানি করবে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশে সুলভে পেট্রোলিয়াম গ্যাস পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকার সঙ্গে এক বছরের একটি ‘ঐতিহাসিক চুক্তি’ করলো ভারত। সোমবার সকালে এ কথা জানান কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী। তাঁর দাবি, এই চুক্তির মাধ্যমে ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ২২ লাখ টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
মন্ত্রী জানান, মার্কিন উপসাগরীয় অঞ্চল—টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও ফ্লরিডা—থেকে এই গ্যাস ভারতে আনা হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে বছরে মোট যে পরিমাণ এলপিজি আমদানি হয়, তার প্রায় ১০ শতাংশ আসবে আমেরিকা থেকে। এটি ভারতের এলপিজি আমদানির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
হরদীপ পুরীর বক্তব্য, ভারত বর্তমানে বিশ্বের ‘অন্যতম বৃহৎ’ ও ‘দ্রুত সম্প্রসারণকারী’ এলপিজি বাজার। এতদিন পর প্রথমবার এই বাজার আমেরিকার জন্য উন্মুক্ত হল। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে গেলেও, আমদানিকারক দেশের সংখ্যা বাড়িয়ে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি তাঁর।
হরদীপ পুরী আরও জানান, “গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকার বেশি হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন—উজ্জ্বলা যোজনার উপভোক্তারা মাত্র ৫০০–৫৫০ টাকায় সিলিন্ডার পাবেন।” সরকারের আশা, নতুন চুক্তি অন্তত আগামী এক বছরের জন্য দেশীয় বাজারে সরবরাহ ও দাম—দু’দিকেই স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করবে।


