‘তৃণমূল ক্ষমতায় আছে আর দুর্নীতি হবে না, তা কি কখনও হয়?’: সায়ন্তন বসু
দক্ষিণ দিনাজপুর: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বিজেপি দফতরের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সায়ন্তন বসু বলেন, ‘ভুয়ো’ মুখ্যমন্ত্রী তাই রাজ্যজুড়ে ভুয়ো ভ্যাকসিনের কারবার চলছে।
সায়ন্তন বসুর অভিযোগ, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসনে পরাজিত হওয়ার পরেও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার ভ্যাকসিনও জাল।
পাশাপাশি ভ্যাকসিন তৃণমূল দুর্নীতি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। রাজ্যজুড়ে তৃণমূল সরকার ভুয়ো ভ্যাকসিনের কারবার চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
সায়ন্তন বাবু আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছেন। তবে তৃণমূল সেই ভ্যাকসিন খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দিচ্ছে।
সায়ন্তন বসুর কথায়, দুর্নীতি এবং তৃণমূল প্রতিশব্দ। রাজ্যে তৃণমূল সরকার আছে আর দুর্নীতি হবে না, তা কি কখনও হয়? তাঁর অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত তৃণমূল সরকার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

