চিনের ডাকে সাড়া দিয়ে তীব্র সমালোচনার মুখে ‘বিশ্বাসঘাতক’ বামেরা
নয়াদিল্লি: চলতি বছর শতবর্ষে পা রাখল চিনের কমিউনিস্ট পার্টি। সেই উপলক্ষে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে কমিউনিস্ট পার্টি অফ চায়না। ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’ নামে ওই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ টি রাজনৈতিক দলের ৫ শতাধিক শীর্ষ নেতা এবং ১০ সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই বৈঠকে যোগদান করে ভারতের সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের তিন শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা এবং জি দেবরাজন।
চিনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে ২২টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে চিন। গতবছর লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত- চিনের সেনা সংঘর্ষের ঘটনায় দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে। এই পরিস্থিতিতে চিনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় নেতাদের উপস্থিতি একেবারেই ভালো চোখে দেখছে না কেন্দ্রের বিজেপি সরকার।
জানা গিয়েছে, আগামী ৫ থেকে ১৫ আগস্ট অবধি চিন সফরেও যাবেন সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা। যা নিয়ে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতারা। বিজেপি সাংসদ অনিল জৈন বলেন, বাম নেতারা আগে ঠিক করুক তারা চিনের দিকে নাকি ভারতের দিকে? এটা তাদের বিশ্বাসঘাতকতারই পরিচয়। চীনের কমিউনিস্ট পার্টির বৈঠকে যোগ দেওয়া কখনোই জাতীয় স্বার্থ হতে পারেনা। এতে ভারতবর্ষের কোন উপকার হবে না। বামদের দেউলিয়াপনা এবার ফাঁস করা উচিত।
এই ঘটনাকে লজ্জাজনক বলে তোপ দাগেন বিজেপি নেতা বহুগুণা জোশীও। তিনি বলেন, বামেদের বক্তব্য আদর্শগত বোঝাপড়া আদান-প্রদান রাষ্ট্রীয় স্বার্থ, স্বার্থ, কূটনীতি সম্পন্ন আলাদা। আর সেই আদর্শের জায়গা থেকেই তারা চিনের কমিউনিস্ট পার্টির বৈঠকে যোগ দিয়েছিলেন। যা অত্যন্ত লজ্জাজনক।


