ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম, আবার তৃণমূলে ফিরতে চাই: সরলা মুর্মু
মালদা: একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে ছিল। তবে ভোটের ফলাফল ঘোষণা দেখা গিয়েছে গেরুয়া শিবির মাত্র ৭৭ টি আসন পেয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিরাট জয় পেয়ে টানা তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় এসেছে। তৃণমূলের পরে তৃণমূলত্যাগীরা আবার বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে ঝুঁকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। চিঠি লিখে সোনালী তৃণমূলে ফেরার জন্যে কাকুতি মিনতি করছেন। সেই পথেই এবার তৃণমূলে ফিরতে চাইছেন মালদার সরলা মুর্মুও।
সরলা জানিয়েছেন, ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই ফিরতে চাই। তার দাবি, ভুল বুঝিয়ে বিজেপি তাকে দলে টেনে নিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। তাই আবার তৃণমূলে ফিরতে চান তিনি। এ বিষয়ে দলের জেলা নেতৃত্বকেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে হবিবপুর আসনে সরলাকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে তিনি মালদা থেকে লড়ার আবদার করেছিলেন। এরপর তৃণমূলের উপর ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
বিজেপিতে যোগদানের পর সরলা মুর্মু বলেছিলেন, তৃণমূল থেকে শুধু পোস্ট দেওয়া হয় কোনও কাজ করতে দেওয়া হয় না। অনেক নেতা কাজ করতে বারণ করে। তৃণমূলে শান্তি-শৃঙ্খলা বলে কিছুই নেই। আমি কখনও চাইনি হবিবপুরের প্রার্থী হব। বিজেপির কাছে আমি কিছুই চাইছি না। নিঃস্বার্থে দলে যোগ দিয়েছি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

