আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কান্ডে ৬ দফা দাবি, দাবি পূরণ না হলে কাজ নয়, হুঁশিয়ারি আন্দোলনকারীদের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ৬ দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী। সাফ হুঁশিয়ারি, সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ নয়।
দাবিগুলো হলো-
১. অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে দোষীর সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের তথ্য তাঁদের জানাতে হবে।
২. আরজি কর হাসপাতালের প্রিন্সিপ্যাল, সুপার, চেস্ট বিভাগের প্রধান এবং আরজি কর মেডিক্যাল কলেজের আউটপোস্টের সহকারী পুলিশ সুপারকেও পদত্যাগ করতে হবে। তাদের লিখিত ভাবে ক্ষমাও চাইতে হবে। ভবিষ্যতে আর কখনও যাতে কোনও প্রাতিষ্ঠানিক পদে তাঁদের দায়িত্ব না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।
৩. রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি রাখার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল চত্বরে পুলিশ পিকেটিং এবং পর্যাপ্ত পুলিশি টহলদারির ব্যবস্থা করতে হবে। কর্তব্যরত চিকিৎসকদের জন্য উপযুক্ত ঘরের ব্যবস্থা করতে হবে।
৪. আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় কলকাতা পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৫. সমাজমাধ্যমে মানহানি জন্য কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ নিতে হবে।
৬. নির্যাতিতার পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সাহায্য দিতে হবে বলে জানিয়েছে ডাক্তাররা।


