অযোধ্যার পর এবার মথুরা? অখিলেশ যাদবকে করসেবার আমন্ত্রণ জানিয়ে কী বার্তা দিতে চাইছে বিজেপি?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অযোধ্যাকে কেন্দ্র করে বিজেপি ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে রাজনৈতিক সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মথুরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি বিশাল মন্দির নির্মাণের দাবিকে নতুন করে সামনে এনে অখিলেশ যাদবকে রাজনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে বিজেপি। উল্লেখযোগ্য বিষয়, অখিলেশ যাদবও সম্প্রতি নরম হিন্দুত্বের পথে হাঁটতে শুরু করেছেন।
উল্লেখ্য, এর আগে ভগবান রামের অযোধ্যাও রাজনৈতিক লড়াইয়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠছিল। এবার ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আলোচনায় চলে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের মথুরা।
অযোধ্যার রাম মন্দিরে আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদবের প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ১৯৯০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সরকারের আমলে অযোধ্যায় করসেবকদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনা তুলে ধরে বিজেপি অখিলেশ যাদবের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। অন্যদিকে, অযোধ্যার রাম মন্দিরে অনুদানের টাকা চুরির অভিযোগ তুলে বিজেপিকে পাল্টা আক্রমণ করেন সমাজবাদী পার্টির প্রধান।
অযোধ্যাকে কেন্দ্র করে এই রাজনৈতিক সংঘাত চলার মধ্যেই অখিলেশ যাদব নিজের মন্দির দর্শনের কর্মসূচিতে বৃন্দাবনকেও যুক্ত করেন। এরই মধ্যে ১৬ ও ১৭ নভেম্বর মথুরায় দু’দিনের কৌশলগত বৈঠকের ঘোষণা করে বিজেপি। ফলে ২০২৭ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে কৃষ্ণ জন্মভূমি বিতর্ক আবারও জাতীয় ও উত্তরপ্রদেশের রাজনীতির আলোচনায় উঠে আসে।
অযোধ্যা থেকে মথুরায় রাজনৈতিক লড়াইয়ের এই পরিবর্তনকে আরও স্পষ্ট করে তুলেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি অখিলেশ যাদবকে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের বিশাল মন্দির নির্মাণের জন্য করসেবায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁর মন্তব্য, “অযোধ্যা হুয়ি হামারি, অব মথুরা কি বারি” অর্থাৎ, অযোধ্যা আমাদের হয়েছে, এবার পালা মথুরার।
মথুরায় বিজেপির দু’দিনের কৌশলগত বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী এবং দলের একাধিক শীর্ষ নেতা। উত্তরপ্রদেশে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পাশাপাশি বিজেপি নেতাদের বক্তব্যে মথুরা এবং কৃষ্ণ জন্মভূমিতে বিশাল মন্দির নির্মাণের দাবি নতুন করে রাজনৈতিক গুরুত্ব পেয়েছে।
মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীও সেখানে বিশাল কৃষ্ণ মন্দির নির্মাণের দাবিকে সমর্থন জানিয়েছেন। আজ তক টিভির সূত্রের দাবি, ২০২৭ সালে আবার ক্ষমতায় ফিরলে ছয় মাসের মধ্যে কৃষ্ণ জন্মভূমি বিতর্কের সমাধানের পরিকল্পনা নিয়ে বিজেপির অন্দরে আলোচনা হয়েছে। দলের কর্মীদের মধ্যেও এই বিষয়টি নিয়ে পদক্ষেপ করার চাপ বাড়ছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত এমন কোনও প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
মথুরার কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ বিতর্কের কেন্দ্রে রয়েছে ১৩.৩৭ একর জমির মালিকানা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে বিশ্বাস করা হয় যে এলাকায়, সেখানেই কৃষ্ণ জন্মস্থান মন্দিরের পাশেই রয়েছে শাহী ইদগাহ মসজিদ।
হিন্দু পক্ষের আবেদনকারীরা মসজিদটি সরানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ১৯৬৮ সালে মন্দির পরিচালন সমিতি এবং মসজিদ কর্তৃপক্ষের মধ্যে হওয়া একটি চুক্তিকেও চ্যালেঞ্জ করেছেন তাঁরা। ওই চুক্তির মাধ্যমে পাশাপাশি দুটি ধর্মীয় স্থানের অস্তিত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়েছিল।
মথুরার এই বিতর্ক দীর্ঘদিন ধরেই সংঘ পরিবার ও বিজেপির সঙ্গে যুক্ত তিনটি প্রধান মন্দির-মসজিদ বিতর্কের অন্যতম। বাকি দুটি হল অযোধ্যার রাম জন্মভূমি এবং বারাণসীর কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপী বিতর্ক।
আগামী ২০ নভেম্বর কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ফলে বিজেপির নতুন করে মন্দির নির্মাণের দাবি মথুরাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে বলেই মনে করা হচ্ছে।
তাহলে কি বিজেপি অযোধ্যার পর মথুরাকেও পরবর্তী বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে? নাকি সমাজবাদী পার্টির যাদব-ভিত্তিক রাজনৈতিক জোটের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিন্দুত্বের তাসকেই আরও জোরালো করতে চাইছে বিজেপি?
২০২৭ নির্বাচনের আগে অযোধ্যা নিয়ে বিজেপি-সমাজবাদী পার্টির সংঘাত
অযোধ্যাকে কেন্দ্র করে বিজেপি ও সমাজবাদী পার্টির সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক পবন পাণ্ডের একটি ঘোষণাকে ঘিরে। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদব রামমন্দির দর্শনে যাবেন।
২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর অখিলেশ যাদব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মন্দির দর্শনে যাবেন। প্রায় তিন বছর পর ১২ ডিসেম্বরের প্রস্তাবিত সফরই হতে চলেছে উদ্বোধনের পর রামমন্দিরে তাঁর প্রথম দর্শন। তবে এই ঘোষণাকে ভালোভাবে নেয়নি বিজেপি।
এরপরই ১৯৯০ সালের অক্টোবর ও নভেম্বর মাসে অযোধ্যায় করসেবকদের উপর পুলিশের গুলি চালানোর ঘটনা সামনে আনে বিজেপি। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব।
উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ১২ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর রাম মন্দিরে গিয়ে তাঁর বাবার সরকারের আমলে করসেবকদের উপর গুলি চালানোর ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত। উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল।
অন্যদিকে, সমাজবাদী পার্টির দাবি, অযোধ্যা বিতর্কের সমাধানে তারা বরাবরই আলোচনা অথবা বিচারবিভাগীয় প্রক্রিয়ার পক্ষে ছিল। এই ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অখিলেশ যাদব এবং তাঁর দলকে আক্রমণ করেন।
পাল্টা হিসেবে অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদানের টাকা চুরি ও আত্মসাতের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টির।
এর কয়েক দিন পর, ১১ নভেম্বর অখিলেশ যাদব অযোধ্যার পাশাপাশি মথুরার কাছে বৃন্দাবন এবং নিজের জেলা ইটাওয়ায় নির্মীয়মাণ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি কেদারেশ্বর মন্দির দর্শনের পরিকল্পনার কথাও জানান। শিবের উদ্দেশে উৎসর্গীকৃত এই মন্দিরটি শীঘ্রই উদ্বোধন হওয়ার কথা।
এমনকি সমাজবাদী পার্টির PDA স্লোগানকেও নতুন ব্যাখ্যা দেন অখিলেশ যাদব। তিনি বলেন, “পহেলে দর্শন, ফির আশীর্বাদ” অর্থাৎ, প্রথমে দর্শন, তারপর আশীর্বাদ।
সব মিলিয়ে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অযোধ্যা ও মথুরাকে ঘিরে বিজেপি এবং সমাজবাদী পার্টির রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তার ইঙ্গিত মিলছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।

