‘দেশ সবার আগে’, কোয়াড সম্মেলনে মেঝেতে পড়ে থাকা তেরঙ্গার মার্কার তুলে পকেটে রাখলেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকের আগে ছবি তোলার জন্য একত্রিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেই সময় মেঝেতে পড়ে থাকা ভারতের ছোট্ট জাতীয় পতাকার মার্কারটি তুলে নেন প্রধানমন্ত্রী মোদী। তখন ট্রাম্পকে বলতে শোনা যায়, “এটি রেখে দিন” (Save it)।
এই ঘটনায় ফিরে এসেছে ২০২৩ সালের আগস্ট মাসের স্মৃতি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস সম্মেলনেও একইভাবে মঞ্চে পড়ে থাকা ভারতের জাতীয় পতাকার মার্কার তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
राष्ट्रप्रथम 🇮🇳 https://t.co/gpY4dP0Tyg
— Piyush Goyal (@PiyushGoyal) November 17, 2026
ম্যানিলায় এই ছবি তোলার মুহূর্তটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান রাষ্ট্রপতিত্বের মেয়াদে এই প্রথম সরাসরি বৈঠকে মুখোমুখি হলেন কোয়াডের চার দেশের রাষ্ট্রনেতারা। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট।
কোয়াডকে ‘গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব’ বললেন মোদী
কোয়াডের রাষ্ট্রনেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোটকে ভারতের কাছে একটি ‘গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব’ বলে অভিহিত করেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কোয়াডের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
মোদী স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালে এই ম্যানিলা শহরেই চার দেশের আধিকারিকদের প্রথম বৈঠক হয়েছিল। পরবর্তীতে ২০১৭ সালে এখানেই পুনরায় কোয়াডের সংলাপ শুরু হয়। তিনি বলেন, “আজ আবারও এই শহরে কোয়াডের বৈঠক হওয়া একটি নতুন মাইলফলক।”
সামুদ্রিক নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা (Supply Chains), উদীয়মান প্রযুক্তি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকে কোয়াডের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রগুলিতে নির্ভরযোগ্য সমাধান দেওয়ার লক্ষ্যে চার দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

