Wednesday, March 11, 2026
Latestদেশ

রাজস্থান বিধানসভায় পাশ হলো ‘ধর্মান্তর বিরোধী বিল’, সাজা ন্যূনতম ৭ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজস্থান বিধানসভায় পাস হলো ‘অবৈধ ধর্মান্তর নিষিদ্ধকরণ বিল, ২০২৫’। এই আইনের মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তর প্রতিরোধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গৃহীত হলো। শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে ব্যাপক তর্ক বিতর্কের পর এই বিলটি পাস হয়।

সরকার পক্ষ থেকে মন্ত্রী জোগারাম প্যাটেল দাবি করেছেন, নতুন আইনে ধর্মান্তর প্রক্রিয়ায় জোরজবরদস্তি, প্রলোভন, প্রতারণা বা ভয় দেখিয়ে কার্য সম্পাদন করলে অভিযুক্ত ব্যক্তিকে ন্যূনতম ৭ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানারও ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী প্যাটেল বলেন, “আমরা দেশের বিভিন্ন রাজ্যে চালু অনুরূপ আইন অধ্যয়ন করে রাজস্থানে এটি প্রণয়ন করেছি। বিরোধীদের প্রতিবাদের মধ্যেও বিল পাস হয়েছে। এটি রাজ্যে জোরপূর্বক ধর্মান্তর রোধে শক্তিশালী আইনি কাঠামো গড়ে তুলবে।”

বিরোধী শিবির কংগ্রেস এই আইনের প্রতি তীব্র সমালোচনা করেছে। মন্ত্রী অজয়নাশ গেহলট অভিযোগ করেন, “কংগ্রেস আইনটির আলোচনা বয়কট করেছে। কারণ তাদের দলের চারজন বিধায়ক সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এটা প্রমাণ করে কংগ্রেস কেবল তোষণ রাজনীতি করছে।”

অন্যদিকে মন্ত্রী জওহর সিং বেধম এই আইনকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, “আজ রাজস্থান বিধানসভা জোরপূর্বক ধর্মান্তর বন্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। আমরা এক শক্তিশালী বার্তা দিয়েছি যে, ধর্মান্তর আর কোনোভাবেই জোরপূর্বক বা প্রতারণামূলকভাবে করা যাবে না।”

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নতুন আইন কার্যকর হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, জোরজবরদস্তি ও প্রতারণার মাধ্যমে ধর্মান্তর বন্ধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে। তবে কংগ্রেসের একাংশ এই আইনকে সংবিধানবিরোধী ও সমাজে বিভাজনের জন্য দায়ী বলেও আক্রমণ করেছে।