মোদীকে ফোন করে ‘শান্তি’ প্রতিষ্ঠার কাতর আর্জি জেলেনস্কির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিনভর গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাশিয়া, চিন-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে মোদীর। তার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন মোদী।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে ফোনালাপের খবর প্রকাশ করা হয় এক্স হ্যান্ডেলে। একইসঙ্গে জেলেনস্কিও সোশাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি জানান, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে ভারতের প্রধানমন্ত্রী যেন সক্রিয় ভূমিকা নেন—এই অনুরোধই তিনি করেছেন।
জেলেনস্কি লিখেছেন, “দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধ করতে সক্রিয় ইউক্রেন। কিন্তু মস্কোর তরফে ইতিবাচক সংকেত নেই। আমরা জানি, ভারত আমাদের পাশে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভারতও আন্তরিক। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। তিনি আশ্বাস দিয়েছেন, এসসিও বৈঠকের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন।”
প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমাধান মিলেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করেও শান্তির পথ খুঁজে পাননি। এর পর থেকেই কূটনৈতিক সমাধানে ভারতের ভূমিকার প্রতি বাড়ছে ইউক্রেনের আস্থা। আগেও জেলেনস্কি মোদীর কাছে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন।
আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এসসিও সম্মেলনে মোদীর এই সফর যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আগে জেলেনস্কির আর্জি নতুন মাত্রা যোগ করল শান্তি আলোচনায়।


