Saturday, December 13, 2025
Latestরাজ্য​

‘আদিনা মসজিদ না, আদিনাথ মন্দির’, দাবি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক। ইউসুফ পোস্টে লিখেছেন, আদিনা মসজিদ! এদিকে, বিজেপির দাবি, আদিনা মসজিদ নয়, আদিনাথ মন্দির। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। 

এদিন আদিনা মসজিদের ছবি এক্সে পোস্টে করেন ইউসুফ পাঠান! ক্যাপশনে লেখেন, “মালদা জেলার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এটি ১৪শ শতকে ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় শাসক সুলতান সিকন্দর শাহের আমলে নির্মিত হয়। ১৩৭৩ থেকে ১৩৭৫ খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি তৈরি হয়েছিল। সেই সময়ে এটি সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত ছিল। আদিনা মসজিদ বাংলার স্থাপত্য ঐতিহ্য ও শিল্পকলার মহিমা তুলে ধরে।”

ইউসুফের পোস্টে বিজেপি লিখেছে, “সংশোধন, ওটা আদিনাথ মন্দির।”


বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, “ইতিহাস ঘুরিয়ে বলা যায়, কিন্তু সত্য তার ছাপ ফেলে যায়ই। মালদার তথাকথিত আদিনা মসজিদ—যেটাকে কেউ কেউ ১৪শ শতকের সুলতান সিকান্দার শাহর ‘অলৌকিক স্থাপত্য’ বলে চালিয়ে দিতে চান—আজও দাঁড়িয়ে আছে ধ্বংস আর পুনর্নির্মাণের নীরব সাক্ষী হয়ে।

এমনকি পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইটও স্বীকার করে—“আদিনা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির একটি, যা সুলতান সিকান্দার শাহ ১৩৬৯ সালে নির্মাণ করেন। আগের হিন্দু মন্দিরের খোদাই করা পাথর ব্যবহার করা হয়েছে ৮৮টি ইটের খিলান ও ৩৭৮টি গম্বুজ সমর্থনের জন্য।”

তাহলে প্রশ্নটা বড় সহজ — যদি ‘আগের হিন্দু মন্দিরের’ পাথর ব্যবহার করা হয়, তবে ১৩৬৯ সালের আগে সেখানে কী ছিল বলুন তো?

একবার ভেতরে ঢুকে দেখুন—

🔸 ভগবান বিষ্ণু, মা সরস্বতী, আর গণেশের খোদাই

🔸 স্বস্তিক চিহ্ন ও ব্রহ্মকমল নকশা

🔸 নিচের দশ ফুট পর্যন্ত ধূসর হিন্দু মন্দিরের পাথর, আর তার ওপর লাল ল্যাটেরাইট ইট — যেন নিজেরাই বলে দিচ্ছে, “আমরা মসজিদ নই, পুনর্নির্মিত মন্দির।”

স্থানীয়রা বলেন, বহু মূর্তি খুঁড়ে বার হওয়ার পর ভেঙে ফেলা হয় বা গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল— কিন্তু সব সত্য মাটির নিচে চাপা যায় না।

তবু কেউ কেউ আজও ইতিহাসের ওপর পোস্টার লাগাতে ব্যস্ত। ভুলে যেও না — আদিনার প্রতিটি ইট আজও ফিসফিস করে বলে, “আমি আদিনাথের মন্দির।”

এক্স ব্যবহারকারীরা ইউসুফ পাঠানের ছবির পিছনে তীর ধনুক, হিন্দুদের বিভিন্ন দেব-দেবতার ছবি চিহ্নিত করে পোস্ট করেছেন।