Sunday, January 25, 2026
Latestদেশ

মাওবাদী মুক্ত হচ্ছে দেশ, শুক্রবার আত্মসমর্পণ করলেন ২১০ জন মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্র ও রাজ্য সরকার। শুক্রবার বস্তার ডিভিশনের জগদলপুর সদর দফতরে একসঙ্গে ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। অস্ত্র জমা দিয়েছেন তারা। এর ফলে গত ৩ দিনে মোট প্রায় ৪৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ জেলা মাত্র তিনটি — সুকমা, বিজাপুর ও নারায়ণপুর। একসময়ের ভয়ংকর ‘রেড করিডর’ এখন ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। গত এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই গোটা দেশ মাওবাদীমুক্ত হবে।

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র নেতা-কর্মীদের মূলস্রোতে ফেরার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবারই তিনি নিজে জানিয়েছেন, ছত্তিশগড়ে ১৯৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অমিত শাহর বার্তা, “যাঁরা অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরতে চান, তাঁদের জন্য সরকার সর্বদা প্রস্তুত। কিন্তু যারা সন্ত্রাসের পথ বেছে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অমিত শাহর দাবি, এক কালের সন্ত্রাসের ঘাঁটি অবুঝমাঢ় ও উত্তর বস্তার এখন সম্পূর্ণ ‘নকশাল সন্ত্রাসমুক্ত’। তবে দক্ষিণ বস্তারের কিছু এলাকায় এখনও মাওবাদীদের ঘাঁটি অবশিষ্ট রয়েছে, যা শীঘ্রই ধ্বংস করা হবে। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও ২১০ জন মাওবাদীর আত্মসমর্পণ, সরকারের কৌশল যে কার্যকর হচ্ছে, তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এদিকে, মঙ্গলবার মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে ৬০ জন সহযোদ্ধাকে নিয়ে আত্মসমর্পণ করেছিলেন মৃত মাওবাদী নেতা কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি। সংগঠনের অন্যতম ‘তাত্ত্বিক মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

নিরাপত্তা দফতর সূত্রে খবর, আত্মসমর্পণ করা মাওবাদীরা সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় আসবেন। তাঁদের মধ্যে বহুজন স্থানীয় গ্রামবাসী, যারা মাওবাদীদের চাপে দলে যোগ দিতে বাধ্য হয়েছিলেন।

বিশেষজ্ঞ মত

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অভিযানে, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনের ফলে মাওবাদীরা সমাজের মূলস্রোতে ফিরতে চাইছেন। একই সঙ্গে সংগঠনের নেতৃত্ব স্তরেও ক্রমাগত ভাঙন দেখা দিচ্ছে। ফাঁপা আদর্শ থেকে বেরিয়ে আসছেন তারা।

তিন দিনে ৪৫০ জন মাওবাদীর আত্মসমর্পণ নিঃসন্দেহে সরকারের বড় অর্জন। ‘লাল আতঙ্ক’-এর জায়গা নিচ্ছে ‘উন্নয়নের লালিমা’ — এই প্রতীকী পরিবর্তনই এখন দেশের জঙ্গলে নতুন বার্তা বহন করছে।