মমতাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা: একুশের ভোটে বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশজুড়ে বিজেপি বিরোধী প্রধান ‘মুখ’ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ‘আবকি বার দিদি সরকার’, ‘বেঙ্গলি প্রাইম মিনিস্টার’ ইত্যাদি হ্যাশট্যাগ। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশবাসী। তৃণমূল নেত্রীর প্রতি আস্থা রয়েছে মানুষের।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে দেশের এক নম্বর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেউ যদি মুখোমুখি হতে পারে সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি আরো বলেন, ২০২১ সালে রাজনীতি কেরিয়ারে সবথেকে বড় শিক্ষা পেয়েছেন মোদী।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বাংলা বিজয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল গেরুয়া শিবির। করোনা পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত ১৭ বার বাংলায় আসেন, বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেন, ভার্চুয়ালি বক্তৃতা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা- সহ বিজেপির কয়েক শ নেতা- মন্ত্রী রীতিমতো বাংলায় ঘাঁটি গাড়েন। তবুও তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি।
প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধী জোট জিতলে দেশজুড়ে বিনামূল্যে রেশন এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

