Monday, April 13, 2026
রাজ্য​

প্রতীক্ষার অবসান, বাংলার হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল রাফায়েল যুদ্ধবিমান

কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। ৬ টি রাফায়েল যুদ্ধবিমান উত্তরবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে পৌঁছল। আলিপুরদুয়ারে হাসিমারায় অবস্থিত এই বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন থাকবে এই ৬টি রাফায়েল। বুধবার বিকালে যুদ্ধবিমানগুলি উত্তরবঙ্গে পৌঁছলে জলকামান দিয়ে তাদের স্বাগত জানানো হয়।

বুধবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার উপস্থিতিতে পুনর্গঠিত ১০১ স্কোয়াড্রনে সরকারিভাবে রাফায়েল যুদ্ধবিমানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার এওসি-ইন-সি এয়ার মার্শাল অমিত দেবও।

ভাদুরিয়া বলেন, ভারতীয় বায়ু সেনার ইস্টার্ন সেক্টরকে আরও শক্তিশালী করে তুলতে ১০১ স্কোয়াড্রনে যুদ্ধবিমান রাফায়েল অন্তর্ভুক্ত করা হল। তিনি বলেন, এই স্কোয়াড্রন যে কোনও জায়গায় যে কোনও পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা নিতে পারবে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের হাসিমারার বিমান ঘাঁটি দেশের ভৌগলিক অবস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিপুরদুয়ারের ওই এলাকা থেকে অদূরেই পার্শ্ববর্তী দেশ চিন এবং বাংলাদেশের সীমা। গতবছর গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক একেবারেই তলানিতে। এই পরিস্থিতিতে হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল যুদ্ধবিমানগুলি রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।