Thursday, January 22, 2026
রাজ্য​

মৃতদেহ দাহ করতেও দালালকে মোটা টাকা দিতে হচ্ছে, অভিযোগ রাজ্যের মন্ত্রীর

মালদহ: মারণ করোনাভাইরাস দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কঠিন এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ মৃতদেহ দাহ করা নিয়েও দালালি শুরু করেছে। শনিবার বিষয়টি নিয়ে মালদহ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন সেচ, জলপথ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, যেভাবেই হোক এই অমানবিক আচরণ বন্ধ করতে হবে।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, দাহ করার নাম করে থার্ড পার্টি মোটা টাকা আদায় করছে। এনিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলব। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি শ্মশানে দালালরাজ বন্ধ করার। সর্বসাধারণের কাছে আবেদন সরকারি নির্দেশিকা মেনে চলুন।

তিনি জানান, মালদার বিভিন্ন শ্মশানে করোনায় মৃতের দেহ সৎকারের জন্য মোটা টাকা লুটে নিচ্ছে দালালরা। কালিয়াচক, ইংরেজবাজার-সহ বিভিন্ন জায়গায় দাহ করার নাম করে অনেক টাকা নিচ্ছে। তবে যেসব জায়গায় সরকারের তরফে লোক রয়েছে সেখানে কোনও সমস্যা নেই।

সাবিনা ইয়াসমিন জানান, শ্মশানে দালালরাজ বন্ধ করতে প্রয়োজনে আমরা দলীয় লোককে রেখে অবজারভেশনে রাখব। পাশাপাশি, সকলকে অনুরোধ করছি টাকা না দিয়ে বিডিও, আইসির সঙ্গে কথা বলুন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।