২৫ হাজার ক্লাবকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে: মমতা
কলকাতা: একুশের বিধানসভা ভোটে রাজ্যে তুমুল জনপ্রিয় হয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। টানা তৃতীয়বার বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন। আগামী ১৬ আগস্ট পালিত হবে এই দিবস।
সোমবার খেলা হবে দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশজুড়ে খেলা হবে স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়েছে। অন্য রাজ্যেও এই স্লোগান দেওয়া হচ্ছে। তবে এখনও অল্পই খেলা হয়েছে। দেশজুড়ে আগামীদিনে বাকি খেলা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, ২৫ হাজার ক্লাবকে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি, ‘খেলা হবে’ স্লোগানকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।
মমতা বলেন, ‘খেলাশ্রী’ প্রকল্পের আওতায় IAF স্বীকৃত ক্লাবগুলোকে ৫ লাখ করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি, এক লাখ ফুটবল বিতরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

