প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মমতা
নয়াদিল্লি: তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁচ দিনের সফরের দ্বিতীয় দিনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে। মঙ্গলবার বিকাল ৪ টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যান তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এই বৈঠককে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা। দ্রুত রাজ্যে করোনা টিকাকরণের জন্য আরো টিকার যোগান-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একুশের বিধানসভা ভোটে বাংলার মানুষের আশীর্বাদ পেয়েছি। তবে ভোটে জেতার পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় হয়ে ওঠেনি। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী সময়েও বৈঠকেরও কোন সুযোগ ছিল না। তাই প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েনিয়ে আজ দেখা করলাম। নির্বাচনের পর সাংবিধানিক রীতি মেনে এটা সৌজন্য সাক্ষাৎই ছিল।
মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন, টিকাকরণ, ওষুধ থেকে রাজ্যের বিভিন্ন প্রকল্প-সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অভিমানের সুরে মমতা বলেন, বাংলাকে জনসংখ্যার তুলনায় অনেক কম টিকা এবং ওষুধ দেওয়া হচ্ছে। আশা করছি করোনার তৃতীয় ঢেউ আসার আগেই যেন রাজ্যের সকলের টিকা দেওয়া হয়ে যায়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

