Monday, December 15, 2025
Latestদেশ

বিহার নির্বাচনে ভরাডুবির পর রাজনীতি, পরিবার ছাড়লেন লালুকন্যা রোহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির হতাশাজনক ফলাফল। ভোটের ফল প্রকাশের এক দিন পরেই বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। মাত্র ৩৫টি আসন পাওয়ায় মহাগঠবন্ধনের ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে রাজনীতি ছাড়ার কথা জানালেন তিনি। শুক্রবার ভোটের ফল ঘোষণা হতেই পরের দিন নিজের এক্স হ্যান্ডলে একটি সংক্ষিপ্ত পোস্টে রোহিণী জানান, ‘তিনি শুধু রাজনীতি থেকেই সরে যাচ্ছেন না, পরিবার থেকেও সম্পর্ক ছিন্ন করছেন।’

রোহিণী লেখেন, “এই পরাজয়ের দায় আমার। আমি আর রাজনীতিতে থাকছি না। পরিবার থেকেও নিজের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করছি।” তাঁর এই ঘোষণা মুহূর্তেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে।

কয়েক বছর আগে বাবাকে কিডনি দান করে শিরোনামে উঠে এসেছিলেন রোহিণী। গত বছরের লোকসভা নির্বাচনে সরণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর দলীয় প্রচারে নিয়মিত সক্রিয় থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে আরজেডির ফল ভালো হয়নি।

এবারের নির্বাচনে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট বড় সংখ্যাগরিষ্ঠতা পায়। বিপরীতে আরজেডি ও কংগ্রেস-নেতৃত্বাধীন মহাগঠবন্ধন প্রত্যাশার তুলনায় অনেক কম আসন পেয়েছে। ফল ঘোষণার পরপরই রোহিণীর হঠাৎ বিদায় ঘোষণা আরজেডির অভ্যন্তরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।