করোনাকালে ১৪ মাসে ১৫ কোটি ফ্রি মিল ইসকনের
কলকাতা: করোনা দ্বিতীয় ধাক্কায় টালমাটাল অবস্থা গোটা দেশের। দীর্ঘদিন লকডাউনের জেরে বহু মানুষ জীবিকা হারিয়ে অনাহারে কাটাচ্ছেন। কঠিন পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ালো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ISKCON)। সংস্থার দাবি, করোনাকালে গত ১৪ মাসে ১৫ কোটি ‘ফ্রি মিল’ দিয়েছে তারা। আগামী দিনেও তাঁরা সমাজসেবামূলক এই কাজ জারি রাখবে বলে জানিয়েছেন।
ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা দেশবাসীর। সংকট মেটাতে গত ১৪ মাসে ১৫ কোটি ফ্রি মিল পরিষেবা দিয়েছে তাঁরা। করোনা ত্রাণের মাধ্যমেই এই কাজ করেছে ইসকন।
রাধারমন দাস বলেন, দ্বিতীয় ঢেউয়ে অনেকের গোটা পরিবারই করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে রান্না করে খাওয়া খুবই কঠিন কাজ। তাই তাঁদের পাশে দাঁড়িয়েছে ইসকন। করোনা আক্রান্তদের রান্না করা খাবার পাঠাচ্ছে সংস্থা। তবে শুধু করোনা রোগী নয়, প্রবীণ নাগরিক এবং গর্ভবতী মহিলাদেরও বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছে ইসকন।
রাধারমন দাস জানান, বর্তমানে কলকাতার গুরুসদয় রোড, দমদম ও নিউটাউনে কেন্দ্র রয়েছে ইসকনের। এই তিনটি কেন্দ্র থেকে প্রতিদিন ১৫ হাজার ফ্রি মিল তৈরি করা হচ্ছে। পাশাপাশি, ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত উপকূলবর্তী এলাকাতেও বিনামূল্যে খাবার বিতরণ করছে ইসকন। ইয়াসে বাড়িঘর হারানো মানুষের পাশে দাঁড়াতে ইসকনের প্রতিটি কেন্দ্রে দিনে ৬০ হাজার ফ্রি মিল তৈরি করা হচ্ছে বলে জানান রাধারমন দাস।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

