ভয়ে ঘুম উড়বে শত্রুদের, ৮০০ কিমি পাল্লার ব্রহ্মসের পরীক্ষা চালাচ্ছে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতিরক্ষা শক্তি আরও বাড়লো ভারতের। দেশের তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ (BrahMos)-এর নতুন সংস্করণ আসতে চলেছে, যার পাল্লা বর্তমান ৪৫০ কিলোমিটার থেকে বাড়িয়ে করা হচ্ছে ৮০০ কিলোমিটার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই নতুন ব্রহ্মস মিসাইল ২০২৬-২৭ সালের মধ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, নতুন সংস্করণের ব্রহ্মস মিসাইলে থাকবে সম্পূর্ণ নতুন ইঞ্জিন ও উন্নত সফটওয়্যার সিস্টেম। এর ফলে ক্ষেপণাস্ত্রের গতি, লক্ষ্য নির্ভুলতা এবং আঘাত হানার সক্ষমতা আরও বহুগুণে বাড়বে। পাশাপাশি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি, যা ভবিষ্যতের যুদ্ধে ভারতের আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
৮০০ কিলোমিটার রেঞ্জে নতুন যুগের সূচনা
বর্তমানে ব্রহ্মস মিসাইলগুলির সর্বোচ্চ পাল্লা প্রায় ৪৫০ কিলোমিটার। কিন্তু নতুন সংস্করণের পরীক্ষামূলক পর্যায়ে পাল্লা বেড়ে হচ্ছে ৮০০ কিলোমিটার, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক বিশাল সাফল্য বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই দূরত্ব থেকে ব্রহ্মস মুহূর্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে, যা পাকিস্তানসহ শত্রু দেশগুলির জন্য এক বড় হুমকি হয়ে উঠবে।
স্থল ও নৌ সংস্করণ আগে, পরে বিমান সংস্করণ
জানা গিয়েছে, ব্রহ্মসের স্থল ও নৌ সংস্করণই প্রথমে তৈরি ও পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে। এরপর এয়ার-লঞ্চ সংস্করণ—যা সুখোই-৩০ ও তেজস বিমানে বসানো হবে—তা প্রস্তুত হতে আরও কিছুটা সময় লাগবে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানে আঘাত হানতে ভারতীয় বায়ুসেনা এই ব্রহ্মস মিসাইল ব্যবহার করেছিল। সেই সফলতার পর থেকেই ক্ষেপণাস্ত্রটির সফটওয়্যার ও ইঞ্জিন আপগ্রেডের কাজ শুরু হয়েছে।
শুধু ব্রহ্মস নয়, ভারতীয় বায়ুসেনা ‘অস্ত্র মার্ক-২’ ক্ষেপণাস্ত্রেরও উন্নয়ন শুরু করেছে। এর পাল্লা বাড়িয়ে ১৬০ কিমি থেকে ২০০ কিমি করা হচ্ছে। বর্তমানে ‘অস্ত্র মার্ক-১’ মিসাইলগুলি প্রায় ১০০ কিমি পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, ‘অস্ত্র মার্ক-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হওয়ার ছয় মাসের মধ্যেই এর উৎপাদন শুরু হবে। পাশাপাশি ৩৫০ কিমি পাল্লার মার্ক-৩ সংস্করণ নির্মাণের কাজও শুরু হয়েছে, যা আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
ভারতীয় প্রতিরক্ষা শক্তি আরও বাড়ছে
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ৮০০ কিমি রেঞ্জের নতুন ব্রহ্মস ভারতের স্ট্রাইক ক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলবে। এটি ভারতীয় সেনাকে এমন ক্ষমতা দেবে যে দেশের সীমান্তে না গিয়েও দূরবর্তী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারবে।
পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে একাধিক জঙ্গি শিবিরে যে আঘাত হেনেছিল ভারত, সেখানেই ব্রহ্মস মিসাইল কার্যকর ভূমিকা নিয়েছিল। এবার সেই অস্ত্রই আরও আধুনিক, আরও দূরপাল্লার রূপে আবির্ভূত হচ্ছে।
২০২৬-২৭ সালের মধ্যেই ভারতীয় সেনার হাতে পৌঁছে যাবে এই নতুন প্রজন্মের ব্রহ্মস, যার আগমনে ভারতীয় প্রতিরক্ষা ক্ষমতা আরও এক ধাপ উঁচুতে উঠবে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।


