Friday, July 3, 2026
Latestরাজ্য​

CAA সার্টিফিকেট দেখিয়ে মিলছে না সরকারি সুবিধা? হাইকোর্টে মামলা দায়ের আত্মদীপের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: CAA সার্টিফিকেট দেখিয়ে অন্যান্য সরকারি নথির আবেদন করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। আধার কার্ড থেকে ভোটার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট থেকে জাতিগত শংসাপত্র- সবক্ষেত্রেই হয় তাদের সার্টিফিকেট নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্বীকার করছে। অফিসাররা বলছেন, “উপর থেকে এখনও কোন অর্ডার আসেনি।”

এই পরিস্থিতিতে আত্মদীপে পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই মর্মে আবেদন করা হয়েছে যে, CAA সার্টিফিকেটকে যেন যেমন সরকারি কাজের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে অবিলম্বে গ্রহণ করা হয়।

উল্লেখ্য, CAA-তে আবেদন করে সার্টিফিকেট পেতে উদ্বাস্তু হিন্দুদের যথেষ্ট হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। বার বার চক্কর কেটে তবেই মিলছে CAA সার্টিফিকেট। আর সেই সার্টিফিকেট দেখিয়ে সরকারি সুবিধা না পাওয়ায় প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CAA নিয়ে জোরেসোরে প্রচার করেছিলেন। যদিও বিধানসভা ভোটে জেতার পরে CAA নিয়ে বিজেপিকে বিশেষ কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। প্রশ্ন উঠছে, তাহলে কী ভোটের জন্যই এত জোরেসোরে প্রচার? কেননা এখনও পর্যন্ত অধিকাংশ উদ্বাস্তু হিন্দুই ভারতীয় নাগরিকত্ব পায়নি। আর পেলেও সেটা মোট কতজন নাগরিকত্ব পেয়েছেন?