করোনায় অনাথ শিশুদের দায়িত্ব নেবে হরিয়ানা সরকার
ফরিদাবাদ: করোনার জেরে বাবা-মা হারানো শিশুদের পাশে দাঁড়ালো হরিয়ানা সরকার। সোমবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ঘোষণা করেছেন, বাল সেবা যোজনায় কোভিডে অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নেবে রাজ্য সরকার। সোমবার এই যোজনায় বিশাল নামে এক শিশুকে দত্তক নিয়েছে রাজ্য সরকার।
জানা গেছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিশালের বাবা-মা। এর ফলে অনাথ হয়ে যায় বিশাল। তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ালো হরিয়ানা সরকার। দত্তক নেওয়া হল তাকে।
হরিয়ানা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন চণ্ডীগড় থেকে দিল্লি ফিরছিলেন মুখ্যমন্ত্রী। পথে দীপ আশ্রম ঝটিকা সফর করেন তইনি। তখনই বিশাল-সহ করোনার কারণে অনাথ শিশুদের সম্পর্কে জানতে পারেন তিনি। তারপরেই এই প্রকল্পের ঘোষণা করেন মনোহরলাল খাট্টার।
মুখ্যমন্ত্রী জানান, বাল সেবা যোজনার আওতায় করোনার জেরে অনাথ শিশুদের মাসিক ২৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। ১৮ বছর অবধি এই টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই করোনার জেরে অনাথ হয়েছে ৫৭৭ জন শিশু। এই সমস্ত অসহায় অনাথ শিশুদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পিএম কেয়ার ফান্ড থেকে বিনামূল্যে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে। ১৮ বছর পর্যন্ত ৫ লাখ টাকার স্বাস্থ্যবীমা। বয়স ১৮ হওয়ার পরের পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাতা। বয়স ২৩ হলে এককালীন ১০ লাখ টাকা। লেখাপড়ার খরচ বহন করবে সরকার। উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ঋণ মিলবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

