রীতি পরিবর্তন করে ফিরহাদকে হিডকোর চেয়ারম্যান পদে বসালেন মমতা
কলকাতা: বড় পুরস্কার পেলেন আবাসন ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তাঁকে হিডকোর চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল আবাসন দফতর। এর আগে এই পদে ছিলেন দেবাশিস সেন। তাঁকে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে বসানো হয়েছে। উল্লেখ্য, এর আগে কোন মন্ত্রীকে এই পদে বসাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে এই প্রথম রীতি পরিবর্তন করে ফিরহাদ হাকিমকে এই পদে বসালেন তিনি।
বাম জমানায় হিডকোর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। তখন হিডকো ছিল আবাসন দফতরের অধীনে। গৌতম দেবের আমলে হিডকোর জমি দেওয়ায় দুর্নীতির অভিযোগ করেছিল তৃণমূল। ২০১১ সালে ক্ষমতায় এসে সেই সব জমি ফেরত নেয় তৃণমূল সরকার। পাশাপাশি, আবাসন দফতর থেকে সরিয়ে হিডকোকে পুর ও নগোন্নয়ন দফতরের অধীনে নিয়ে আসে রাজ্য সরকার।
তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে হিডকোর চেয়ারম্যান পদে বসানো হবে কোন সরকারি উচ্চপদস্থ আধিকারিক। সেইমতো দীর্ঘদিন এই পদে ছিলেন দেবাশীষ সেন। তবে এই প্রথম হিডকোর চেয়ারম্যান পদে কোন মন্ত্রীকে বসানো হলো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে তিনটি দায়িত্ব একসাথে পালন করবেন ফিরহাদ হাকিম। তিনি আবাসন ও পরিবহন মন্ত্রী, কলকাতা পুরসভার প্রশাসক এবং হিডকোর চেয়ারম্যান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

