Saturday, February 7, 2026
রাজ্য​

পায়ে হেঁটেই ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত এলাকায় পৌঁছে গেলেন চন্দনা বাউড়ি

বাঁকুড়া: গত বছর আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের কোপ কাটিয়ে উঠতেই ফের ইয়াসের প্রকোপ। এদিন ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri)। পায়ে হেঁটেই ঘুরে দেখেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা। এর আগে করোনা পরিস্থিতিতে তাঁকে দেখা গিয়েছিল মোটর বাইকে করে নির্বাচনী এলাকায় আসতে দেখা গিয়েছিল। এবার পায়ে হেঁটেই ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা খতিয়ে দেখলেন।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন বিজেপি বিধায়ক চন্দনা দেবী। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পর ব্লক সমষ্টি আধিকারিক সঙ্গে দেখা করেন চন্দনা বাউড়ি।

৩০ বছর বয়সী চন্দনা দেবী বলেন, ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত মানুষদের অবস্থা দেখে খুব কষ্ট হলো। মাননীয় বিডিওদের কাছে অনুরোধ করেছি,  প্রধানমন্ত্রী আবাসন ব্যবস্থার সঠিক বন্টন করতে। পাশাপাশি, করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও চালু রাখা হোক।

উল্লেখ্য, পেশায় রাজমিস্ত্রি স্বামীর স্ত্রী চন্দনা বাউড়ি। একুশের বিধানসভা ভোটে বিজেপির সবথেকে দরিদ্র বিধায়ক তিনি। স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে পাঁচজনের সংসার। আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফুরনোর মতো। চন্দনা দেবী নিজে স্বামীর সঙ্গে জোগাড়ের কাজ করেন। অসমাপ্ত আবাস যোজনার বাড়িতে শৌচাগারও নেই।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, চন্দনা বাউড়ির মোট সম্পত্তির পরিমাণ ৩১ হাজার ৯৮৫ টাকা। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ৩০ হাজার ৩১১ টাকা। রয়েছে তিনটি ছাগল ও ৩টি গরু। নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাঁকুড়ার শালতোড়া (Saltora) আসনে চন্দনা ৪১৪৫ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী সন্তোষকুমার মণ্ডলকে পরাজিত করেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।