গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত ২০,৩৭৭ জন, মৃত্যু ১৩৫ জনের
কলকাতা: নতুন করে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যায় নয়া রেকর্ড পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন এবং মারা গিয়েছেন ১৩৫ জন। যার ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭২৮ জন। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটির হার ২৯ শতাংশেরও বেশি।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৩১ জন। সক্রিয় কেস ১ লাখ ২৮ হাজার ৬৮৪ টি। ৭ দিনে শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার জন। যা গত সপ্তাহে রাজ্যে মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশ।
মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নতুন করে প্রায় ৮ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। এই দুই জেলায় টেস্ট হওয়া নমুনার প্রায় ৫০ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের।
পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হলেও রাজ্যে সম্পূর্ণ লকডাউন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলে জনজীবন ব্যাহত হবে। অনেক মানুষ না খেতে পেরে মারা যাবে। তবে বিধি নিষেধ কঠোরভাবে পালনের আর্জি জানিয়েছেন তিনি।


