Monday, December 15, 2025
রাজ্য​

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই

কলকাতা: করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই নয়া নয়া রেকর্ড তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি মেনেই কি হবে মাধ্যমিক পরীক্ষা হবে? নাকি স্থগিত ? নাকি পরীক্ষা বাতিল হবে? এই নিয়ে চূড়ান্ত অনিশ্চিয়তার মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংসদ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছু নেই। পরীক্ষা পরেও হতে পারে। তবে পরীক্ষা যখনই অনুষ্ঠিত হোক, সেটা ছাত্র-ছাত্রীদের নিজের স্কুলেই হবে।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। যার ফলে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি, রাজ্যে আংশিক লকডাউন জারি করা হয়েছে। ১৯ মে পর্যন্ত রাখা য়েছে লোকাল ট্রেন পরিষেবা। বাস, মেট্রোর মতো গণপরিবহনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফলে পরীক্ষা হলে পরীক্ষাকেন্দ্রে কিভাবে পৌঁছবে পড়ুয়ারা? অভিভাবকদের মনে উঠছে সেই প্রশ্ন।

এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্ষদ সভাপতির সঙ্গে ফোনে কথা বলেছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, আপাতত এই নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হচ্ছে না পিছিয়ে যাবে না বাতিল হবে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাঁরা