ভারতে ইদ ১৪ মে, শুক্রবার
কলকাতা: মঙ্গলবার রাতে সৌদি আরবে ইদের চাঁদ দেখা যায়নি। তাই একদিন পিছিয়ে গেল ইদের উৎসব। সৌদি আরবের চাঁদ-দর্শন কমিটি জানিয়েছে, মঙ্গলবার আকাশে দেখা যায়নি চাঁদ। তাই ইদের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হল। নিয়ম অনুযায়ী ভারতে খুশির ইদ পালন হবে ১৪ মে, শুক্রবার।
দিল্লির ফতেহপুরি মসজিদের শাহি ইমান মুুফতি মহম্মদ মুকার্রাম আহমেদ জানিয়েছেন, চাঁদের দৃশ্যমানতার উপর ভিত্তি করে ইদ-উল-ফিতর পালিত হয়। মঙ্গলবার সৌদি আরবের চাঁদ-দর্শন কমিটি যেহেতু চাঁদ দেখতে পারিনি, তাই বুধবার ভারতে ইদ পালন করা হবে না। ভারতে ইদ পালন করা হবে শুক্রবার।
প্রসঙ্গত জানিয়ে রাখি, সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিন ভারতে ইদ পালিত হয়। ১২ মে রমজানের শেষ দিন ছিলো। ১৩ মে সৌদি আরবে ইদ পালিত হবে। অন্যদিকে, ভারতের নিয়ম অনুযায়ী ইদ পালিত হবে ১৪ মে।
ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। শাওয়াল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিনেই ইদ পালিত হয়। সৌদি আরবে অবস্থিত মক্কাকে ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র হিসেবে মান্য করা হয়। তাই চাঁদ দেখা গেল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ইদ পালন করা হবে সে ব্যাপারে সৌদি আরবের চাঁদ-দর্শন কমিটিই সিদ্ধান্তও নেয়।


