পশ্চিমবঙ্গে ৭০০টি CAA ক্যাম্প করবে বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলি এবং কালীপুজোর পর CAA তে আবেদন করার জন্য কমপক্ষে ৭০০টি ক্যাম্প করা হবে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নয়টি জেলায় এইসমস্ত ক্যাম্প করবে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এবং বিজেপি।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সনাতন হিন্দু সংগঠন আয়োজন করা করবে ক্যাম্প। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে CAA আবেদনের গতি বাড়ানোর জন্য এই প্রচেষ্টা বলে জানা গেছে।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জেলাগুলিতেই ক্যাম্প করা হবে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু শরণার্থী এবং তাঁদের বংশধররা বসবাস করেন। সীমান্তবর্তী এলাকাগুলিতে মতুয়া সম্প্রদায় এবং অন্যান্য শরণার্থীরা রয়েছেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি রাজ্যের কিছু অংশে CAA হেল্প ডেস্ক চালু করেছে। এখানে CAA এর আবেদন করে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে আশ্রয় নেওয়া পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতিত অমুসলিম সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ লাগু করেছে মোদী সরকার।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সিএএ-র বিরোধিতা করে আসছেন। সিএএ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তৃণমূল। ফলে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এবার সেই সমস্ত গুজব রুখতে মাঠে নামছে চলেছে গেরুয়া শিবির।
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস


