বেঙ্গালুরুতে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মন্দিরে হামলা, গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী কবীর মন্ডল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেঙ্গালুরুতে মন্দিরে হামলা। ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে মন্দিরে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করার অভিযোগ। গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে মারাথাহল্লির কাছে দেবরাবিসনাহল্লি অঞ্চলের ভেণুগোপাল মন্দিরে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম কবীর মন্ডল (৪৫), সে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। স্থানীয়রা জানিয়েছেন, গত ৪-৫ বছর ধরে ওই এলাকায় মুচির কাজ করতো সে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি হঠাৎ মন্দিরে ঢুকে ‘আল্লাহ হু আকবর’ স্লোগান দিতে শুরু করেন। মন্দিরের প্রবেশদ্বারে থাকা দেবমূর্তিগুলিকে জুতো ছুঁড়ে অপবিত্র করার চেষ্টা করেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “সে মন্দিরে ঢুকে চিৎকার করতে শুরু করে এবং দেবমূর্তিগুলিকে জুতো ছুঁড়ে হামলা করার চেষ্টা করেন। এমনকি সে মন্দির ধ্বংসের হুমকিও দেয়।” গর্ভগৃহের বাইরে থাকা দুটি মূর্তির মধ্যে একটি নষ্ট করে দিয়েছে সে।
ঘটনা নজরে আসতেই স্থানীয়রা তাকে ধরে ফেলে ও মন্দিরের বাইরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। উত্তেজিত জনতা অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলে।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কবীর মন্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের পৌঁছানোর আগে পাবলিক গণধোলাই দেয় অভিযুক্তকে, সেই ঘটনায়ও পৃথক মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে তার উদ্দেশ্য কী ছিল তা নিয়েও তদন্ত চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: টাইমস্ অব ইন্ডিয়া


