‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনের দাবি উড়িয়ে সাফ বললো আমেরিকা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম বদলে নিজেদের বলে দাবি করেছে চিন। তবে চিনের সেই দাবি উড়িয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। চিনের দাবির তীব্র বিরোধিতা করে আমেরিকা সাফ বললো, ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। কোনওভাবেই চিনের দাবি সমর্থনযোগ্য নয়।’
উল্লেখ্য, অরুণাচল প্রদেশের যে ১১টি অঞ্চল চিন নিজেদের বলে দাবি করেছে তার মধ্যে রয়েছে- ২টি জনবসতি এলাকা, ৫টি পর্বতশৃঙ্গ এবং দুটি নদী। অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নামও পরিবর্তন করেছে চিনের মন্ত্রিসভা।
যদিও চিন সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে ভারত। চিনকে কড়া ভাষায় জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাফ বলেছেন, ‘আমরা এই ধরনের রিপোর্ট আগেও দেখেছি। চিন এর আগেও এমন অনায্য দাবি করেছে। আমরা তাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। নাম পাল্টে দিলেই এই বাস্তবতার পরিবর্তন হবে না।’

