Thursday, March 12, 2026
রাজ্য​

জেল খাটার ভয়ে চাকরিপ্রার্থীর টাকা ফেরালেন সিভিক ভলান্টিয়ার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এবার প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে নেওয়া টাকা চেকের মাধ্যমে ফেরালেন ধৃত সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, জেল খাটার ভয়ে টাকা ফিরিয়েছেন ওই ব্যক্তি। চেকে টাকা ফেরানোর পর তাকে জামিন দিলেন রায়গঞ্জ জেলা আদালতে বিচারক।

আদালত সূত্রে খবর, ধৃত গৌতম বর্মন (৩৪) রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়িতে সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত।‌ প্রাথমিকে চাকরি দেওয়ার নামে রায়গঞ্জ থানার হাতিয়া গ্রামের বাসিন্দা চম্পা দাসের থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা নেয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। চম্পা দাস তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এছাড়া মালদার ইংরেজ বাজার থানার বাসিন্দা লজিকা রায়ের কাছ থেকেও ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। চম্পা দাসের টাকা চেকের মাধ্যমে ফেরত দেন অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার। এরপরেই তাকে শর্তসাপেক্ষে জামিন দেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক।