‘বড় অ্যাডভান্টেজ’, কর্ণাটকে বিজেপির হয়ে প্রচারে দক্ষিণী সুপারস্টার সুদীপ সঞ্জীব
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকে আগামী ১০ মে একদফায় বিধানসভা নির্বাচন। তার আগে বড় চমক বিজেপির। জনপ্রিয় কন্নড় অভিনেতা সুদীপ সঞ্জীব (যিনি কিচ্চা সুদীপ নামেও পরিচিত) কর্ণাটকে বিজেপির হয়ে প্রচার করবেন।
বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে অভিনেতা সুদীপ সঞ্জীব বলেন, “আমি বিজেপির হয়ে প্রচার করব। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।”
জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টার বলেন, ‘মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি বিজেপির হয়ে প্রচার করবেন।’ সুদীপ আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই তার জীবনে বেশ কয়েকবার ব্যক্তিগত পর্যায়ে তাকে সাহায্য করেছেন।’
উল্লেখ্য, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া গেরুয়া শিবির। নির্বাচনের আগে জনপ্রিয় এই অভিনেতার গেরুয়া শিবিরের হয়ে প্রচার বিজেপিরর জন্য অন্যতম বড় ‘অ্যাডভান্টেজ’ হতে চলেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ।

