Friday, April 10, 2026
আন্তর্জাতিক

আফগানিস্তানের ৮৫% তালিবানের দখলে, ৫০ কূটনীতিবিদকে দেশে ফেরাল ভারত

কাবুল: আফগানিস্তানে অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। আফগানিস্তানে শক্ত ঘাঁটি গাড়ছে তালিবানরা। ঘাঁটি শক্ত করছে জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বাও। আফগানিস্তানের ৮৫ শতাংশ নিজেদের দখলে বলে দাবি করেছে তালিবান এই খবর প্রকাশ্যে আসার পর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার। আফগানিস্তান থেকে ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও অন্যান্য ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা হল। রবিবার সকালে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

তবে হঠাৎই কেন এমন পরিস্থিতি তৈরি হল? উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়েছেন, চলতি বছরের আগষ্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে এই ঘোষণার পর থেকে তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়া শুরু করে। দেশের বিভিন্ন জায়গায় সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে

তালিবানদের বাড়বাড়ন্তের ফলে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিদেশমন্ত্রক। শহরের কাছে অশান্তি বাড়ায় কান্দাহার দূতাবাস থেকে ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও অন্যান্য কর্মীদের দেশে ফিরিয়ে আনা হল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধ করা হচ্ছে না অশান্তি বাড়ছে তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে বায়ুসেনার বিমানে তড়িঘড়ি করে ৫০ ভারতীয়কে ফিরিয়ে আনা হল

অরিন্দম বাগচি জানান, এই পদক্ষেপ সাময়িক সময়ের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁদের ফের আফগানিস্তানে পাঠানো হবে। আপাতত স্থানীয় কর্মীদের নিয়ে দূতাবাসের কাজকর্ম চলতে থাকবে।