Tuesday, November 24, 2026
Latestবিনোদন

বেলা ৩ টে রাত ৯ টা পর্যন্ত হলে চালাতেই হবে বাংলা সিনেমা, ধুঁকতে থাকা ইন্ড্রাস্ট্রির পাশে মুখ্যমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রাইম টাইমে দেখানোর জন্য রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি আগামী দেড় বছরের মধ্যে রাজ্যজুড়ে ৫১টি নতুন সিনেমা হল তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার নবান্নে প্রযোজক, পরিচালক, পরিবেশক, অভিনেতা এবং সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছবির প্রযোজকরা যতদিন ‘সাধক বামাক্ষ্যাপা’ চালাতে চাইবেন, ততদিন সংশ্লিষ্ট সিনেমা হলগুলিতে ছবিটি প্রদর্শন করতে হবে। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাধ্যতামূলকভাবে প্রাইম টাইমে ছবিটি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শনের নিয়ম অমান্য করলে সিনেমা হল মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর মুক্তি পেতে চলা একটি হিন্দি ছবির জন্য জায়গা করে দিতে বেশ কয়েকটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ মুক্তির এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে অভিযোগ ওঠে। গত ২০ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। একাধিক শো হাউসফুল হওয়ার খবরও সামনে আসে। এরপরই বাংলা চলচ্চিত্র জগতের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ তৈরি হয়।

মঙ্গলবার দুপুর ১টায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চলচ্চিত্র পরিবেশক শতদীপ সাহা এবং সিনেমা হল মালিক অরিজিৎ দত্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এবং এই শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। পরিচালক শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন, প্রস্তাবিত কমিটির সদস্য কারা হবেন, সেই সিদ্ধান্ত নেবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা ছবির আর্থিক ক্ষতির বিষয়টিও বৈঠকে আলোচনায় উঠে আসে। শুভ্রজিৎ মিত্রের কথায়, কোনও ছবির ক্ষতি প্রমাণিত হলে সরকার ভর্তুকি দিতে পারে কি না, অথবা প্রযোজকরা সেই ক্ষতির কিছুটা অংশ বহন করতে পারেন কি না, তা নিয়ে আলোচনা হবে।

এদিন মুখ্যমন্ত্রী আগামী দেড় বছরে রাজ্যে ৫১টি সিনেমা হল তৈরির পরিকল্পনার কথা জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গে ৫০০টি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল তৈরির স্বপ্নের কথাও তুলে ধরেন। এই উদ্যোগে বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রত্যেকটি স্ক্রিনে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানোর নিয়ম রয়েছে। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নিয়ম চালু হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিয়মটি যথাযথভাবে কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ।

এবার সেই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিয়ম লঙ্ঘন করলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্ট মাসে বাংলা চলচ্চিত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় বাংলা ছবির প্রাইম টাইম শো পেতে সমস্যার কথা জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকার নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছিল, সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫টি প্রাইম টাইম শো বাংলা ছবির জন্য বরাদ্দ রাখতে হবে।

অন্যদিকে, বাংলার শ্রদ্ধেয় সাধক বামাক্ষ্যাপার জীবন ও আধ্যাত্মিক যাত্রার উপর ভিত্তি করে তৈরি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির মুক্তির দিন প্রথমে ৬ নভেম্বর নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। হিন্দি ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়। ওই হিন্দি ছবিটিকে রাজ্যে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, বাংলা সংস্কৃতি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিকে প্রাইম টাইমে প্রদর্শনের সুযোগ দিতেই হবে।