পশ্চিমবঙ্গকে শিল্পবান্ধব করতে নয়া শিল্পনীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইকো পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পপতি, রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই নীতি প্রকাশ করা হয়। শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে রাজ্যে বিনিয়োগ টানার পাশাপাশি শিল্পের পথে বাধা হয়ে দাঁড়ানো বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শিল্পের জন্য জমির নীতি নিয়ে বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘সিপিএমের আক্রমণাত্মক ট্রেড ইউনিয়ন রাজনীতি এবং তৃণমূলের ভুল জমি নীতি বাংলার শিল্পকে ধ্বংস করেছে।’
এদিন শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘তাঁর সরকার কোনও ধরনের গুন্ডামি বা তোলাবাজি বরদাস্ত করবে না। ব্যবসায়ীদের কাছে তোলা চাওয়ার মতো ঘটনা ঘটলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই ধরনের অভিযোগ সামনে এলে ১৫ মিনিটের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
সিঙ্গুরে শিল্প গড়ার ইঙ্গিত
সিঙ্গুরে শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে অশোক লেল্যান্ডের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, “ওখানে আমরা কিছু একটা করব। অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে।” সূত্রের খবর, সিঙ্গুরে অশোক লেল্যান্ড ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে।
শিল্পের জন্য তৈরি হবে ল্যান্ডব্যাঙ্ক
রাজ্যে শিল্পের প্রসারে জমির সমস্যা মেটাতে ল্যান্ডব্যাঙ্ক (Land Bank) তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য জমি কেনার ব্যবস্থাও করা হচ্ছে বলে দাবি করেন তিনি। নতুন বিনিয়োগ নীতি প্রকাশ করে তাঁর বক্তব্য, শিল্প স্থাপনের ক্ষেত্রে জমির সহজলভ্যতা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
৫ বছরে বাংলার বাইরে পাচার হওয়া টাকা ফেরানোর প্রতিশ্রুতি
শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে বাংলার আর্থিক সম্পদ দেশের বাইরে পাচার হওয়ার অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলার আয়ের কয়েকশো কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সেই টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
শিল্পের উন্নয়নে একযোগে কাজের আহ্বান
শিল্পের বিকাশে সরকার, ব্যবসায়ী, শিল্পপতি এবং রাজ্যের সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি পরিবারবাদী বা আঞ্চলিক দল নয়। এনডিএ বর্তমানে ২১টি রাজ্যে সরকার পরিচালনা করছে। অন্য রাজ্যগুলি অনেকটা এগিয়ে গেলেও বাংলাকে সেই জায়গায় পৌঁছতে হবে। আর সেই লক্ষ্য পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে।
নতুন শিল্পনীতি ঘোষণার মধ্য দিয়ে রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই নীতি বাস্তবে কতটা কার্যকর হয় এবং সিঙ্গুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন শিল্প স্থাপনের উদ্যোগ কতটা এগোয়, সেদিকেই নজর থাকবে।

