Thursday, November 5, 2026
Latestআন্তর্জাতিকদেশ

ভারতকে PD-8 বিমান ইঞ্জিনের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব রাশিয়ার, SJ-100 বিমানের ইঞ্জিন তৈরি হতে পারে ভারতেই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সঙ্গে বিমান ইঞ্জিন উৎপাদনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় বিমান সংস্থাগুলি যদি রাশিয়ার SJ-100 (সুপারজেট) যাত্রীবাহী বিমান কেনার জন্য অর্ডার দেয়, তাহলে ওই বিমানে ব্যবহৃত PD-8 ইঞ্জিনের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer) করতে প্রস্তুত তারা। এর ফলে ভারতে স্থানীয়ভাবেই এই ইঞ্জিন তৈরি করা সম্ভব হবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি সংস্থা রোস্টেকের (Rostec) অধীনস্থ ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশন (UEC) ভারতের সঙ্গে বিমান ইঞ্জিন উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে সহযোগিতা করতে আগ্রহী। PD-8 হল আধুনিক প্রযুক্তির একটি উচ্চ বাইপাস, দুই-শ্যাফট বিশিষ্ট টার্বোফ্যান ইঞ্জিন। বর্তমানে রাশিয়ার ইয়াকোভলেভ SJ-100 বিমানে এই ইঞ্জিন ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (UAC) এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) মধ্যে SJ-100 বিমান উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি ভারতে রাশিয়ার Il-114 এবং SJ-100 বিমান উৎপাদনের পরিকাঠামো গড়ে তোলার প্রক্রিয়াও এগোচ্ছে।

রাশিয়ার এক আধিকারিকের বক্তব্য, ভারতীয় বিমান সংস্থাগুলি রাশিয়ার বিমান ব্যবহার শুরু করলে শুধু ইঞ্জিন নয়, ইঞ্জিনের যন্ত্রাংশ, খুচরো যন্ত্রপাতি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিমানের রক্ষণাবেক্ষণের সময় কমবে এবং দীর্ঘদিন বিমান পরিষেবার বাইরে থাকার সমস্যা এড়ানো সম্ভব হবে।

এই প্রযুক্তি হস্তান্তরের জন্য ভারতের একাধিক বিমান ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আলোচনা চলছে। রাশিয়ার লক্ষ্য, ভারতীয় সংস্থাগুলি যাতে প্রযুক্তি গ্রহণ করে PD-8 ইঞ্জিন উৎপাদনের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির পরিকাঠামোও (MRO) গড়ে তুলতে পারে।

রাশিয়ার দাবি, দ্রুত সম্প্রসারিত ভারতীয় বিমান পরিবহণের বাজারে তাদের তৈরি বিমান প্রতিযোগিতামূলক দামে পরিষেবা দিতে পারবে। বর্তমানে যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে ভারত মূলত বোয়িং ও এয়ারবাসের উপর নির্ভরশীল। আগামী দিনে ভারতে আরও প্রায় ২,০০০ যাত্রীবাহী বিমানের চাহিদা তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সেই বাজারে রাশিয়ার নকশায় তৈরি এবং ভারতে উৎপাদিত বিমান জায়গা করে নিতে পারে বলে আশা মস্কোর।

এদিকে, HAL-এর পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে আগ্রহী ভারতীয় বিমান সংস্থাগুলিকে নির্দিষ্ট রুটে ব্যবহারের জন্য SJ-100 বিমান লিজ দেওয়া হতে পারে। বিমান সংস্থাগুলি এই বিমানের কার্যকারিতা ও পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পর নিজেদের প্রয়োজন অনুযায়ী বিমান কেনার সিদ্ধান্ত নিতে পারবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ভারতে বিমান উৎপাদনের কিছু অংশ শুরু হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে দেশীয় যন্ত্রাংশ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। ভারতীয় বিমান সংস্থাগুলির কাছ থেকে বড় অঙ্কের অর্ডার পাওয়া গেলে রাশিয়া থেকে ইঞ্জিন আমদানি না করে আগেভাগেই ভারতে PD-8 ইঞ্জিন উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।

এর ফলে শুধু বিমান নয়, ইঞ্জিন থেকে শুরু করে খুচরো যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা—পুরো উৎপাদন ও পরিষেবা পরিকাঠামোই ভারতে গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। 

তথ্যসূত্র: idrw.org