Tuesday, November 3, 2026
Latestরাজ্য​

দীপাবলির আগে রাজ্যগুলিকে অতিরিক্ত কর বণ্টন, পশ্চিমবঙ্গ পেল ৭,৮৬৬ কোটি টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলির আগে রাজ্যগুলিকে অতিরিক্ত করের অর্থ বণ্টনের দ্বিতীয় কিস্তি হিসেবে মোট ১ লাখ ৯ হাজার ১৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৭,৮৬৬ কোটি টাকা, যা দেশজুড়ে মোট বরাদ্দের প্রায় ৭.২১ শতাংশ।

উল্লেখ্য, অতিরিক্ত কর বণ্টনে পশ্চিমবঙ্গ দেশের চতুর্থ সর্বোচ্চ অর্থপ্রাপ্ত রাজ্য। তালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (১৯,২০৮ কোটি টাকা), দ্বিতীয় বিহার (১০,৮৪৫ কোটি টাকা) এবং তৃতীয় মধ্যপ্রদেশ (৮,০১০ কোটি টাকা)।

নিয়মিত মাসিক কর বণ্টনের অতিরিক্ত হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, মূলধনী ব্যয় এবং জনকল্যাণমূলক প্রকল্পে অর্থের জোগান বাড়ানোই এই বরাদ্দের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং কর আদায়ের পরিমাণ বাড়ার ফলে রাজ্যগুলিকে এই অতিরিক্ত অর্থ দেওয়া সম্ভব হয়েছে।

এর আগে গত ১ আগস্টও রাজ্যগুলিকে একই পরিমাণ অর্থাৎ ১ লাখ ৯ হাজার ১৯ কোটি টাকা অতিরিক্ত কর বণ্টনের কিস্তি হিসেবে দেওয়া হয়েছিল।