Saturday, October 10, 2026
Latestদেশ

ধ্রুব রাঠির ভিসা ও নাগরিকত্ব যাচাইয়ের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ প্রাক্তন বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউটিউবার ধ্রুব রাঠির নাগরিকত্ব, অভিবাসন সংক্রান্ত পরিচয় এবং ভিসার শর্ত মেনে চলার বিষয়টি যাচাই করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হলেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে এসআইআর (SIR) বিরোধী প্রতিবাদে ধ্রুব রাঠির অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এই দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘পিপলস ট্রাইব্যুনাল’ শীর্ষক একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ধ্রুব রাঠি। নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং সিজেপি (CJP)-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরোধিতা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা প্রকাশ রাজ এবং ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে লেখা একটি চিঠিতে ভাস্কর রাও অভিযোগ করেন, জার্মানির নাগরিক বলে মনে করা হয় এমন ধ্রুব রাঠি প্রকাশ রাজ এবং অন্যান্য প্রতিবাদকারীদের সঙ্গে ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেখানে ভারতের নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ারও সমালোচনা করা হয়।

কী বলেছেন ভাস্কর রাও?

২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে চামরাজপেট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভাস্কর রাও। তবে সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। ধ্রুব রাঠির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে লেখা চিঠিটি নিজের এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে রাও লিখেছেন, “যে নির্দিষ্ট বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন, তা হল—কোনও বিদেশি নাগরিক ভারতে নির্দিষ্ট ভিসা, অভিবাসন সংক্রান্ত অনুমতি বা অন্য কোনও বৈধ মর্যাদার ভিত্তিতে অবস্থান করার সময় ভারতের সাংবিধানিক ও আইনগত প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালী নিয়ে আয়োজিত কোনও রাজনৈতিক প্রতিবাদে অংশ নিতে, বক্তব্য রাখতে অথবা তার সঙ্গে যুক্ত হতে আইনত অনুমোদিত কি না।”

ধ্রুব রাঠির বর্তমান নাগরিকত্ব ও জাতীয়তা নির্ধারণের পাশাপাশি তিনি কোন পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করেছেন, কোন শ্রেণির ভিসা বা অন্য কোনও অনুমতির ভিত্তিতে দেশে রয়েছেন এবং ভারতে আসার ঘোষিত উদ্দেশ্য কী ছিল, তা যাচাই করার দাবি জানিয়েছেন রাও। একই সঙ্গে তাঁর ভারতে থাকার অনুমতির শর্তগুলিও খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি।

এ ছাড়াও, প্রচলিত ভিসা ও অভিবাসন বিধি অনুযায়ী ধ্রুব রাঠি ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বা বক্তব্য রাখতে আইনত অনুমোদিত ছিলেন কি না, কিংবা এর জন্য আগাম অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার।

আইন ভাঙার প্রমাণ মিললে পদক্ষেপের দাবি

ভাস্কর রাওয়ের বক্তব্য, তদন্তে যদি ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট (Foreigners Act), ভিসার শর্ত, অভিবাসন বিধি, ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (OCI) সংক্রান্ত নিয়ম অথবা অন্য কোনও প্রাসঙ্গিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত আইনি পদক্ষেপ করা উচিত।

তবে তিনি স্পষ্ট করেছেন, ধ্রুব রাঠির রাজনৈতিক মতামত কিংবা সরকার বা নির্বাচন কমিশনের সমালোচনার বিরোধিতা করা তাঁর অভিযোগের উদ্দেশ্য নয়। তাঁর দাবি, ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকেরা যাতে তাঁদের অবস্থান ও কার্যকলাপ সংক্রান্ত আইন মেনে চলেন, তা নিশ্চিত করতেই এই আবেদন জানানো হয়েছে।

বিষয়টি স্বাধীনভাবে যাচাই করার জন্য প্রাসঙ্গিক অভিবাসন নথি এবং ভারতে প্রবেশ ও দেশ ছাড়ার রেকর্ড সংরক্ষণ করে খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন ভাস্কর রাও।