Monday, September 14, 2026
Latestদেশ

হিমাচল প্রদেশে জেলা পরিষদ নির্বাচনে বিরাট জয় বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী বছর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা খেল কংগ্রেস। বৃহস্পতিবার শিমলা জেলা পরিষদের (Zila Parishad) চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন পদে বিজেপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর ফলে ২৬ বছর পর শিমলা জেলা পরিষদের নিয়ন্ত্রণ বিজেপির হাতে গেল।

চেয়ারপার্সন পদে বিজেপি সমর্থিত ভূপেন্দর সিসোদিয়া ১৩টি ভোট পেয়ে জয়ী হন। কংগ্রেস সমর্থিত প্রার্থী সুরেন্দ্র রেটকা পান ১০টি ভোট। অন্যদিকে, ভাইস-চেয়ারপার্সন পদে বিজেপি সমর্থিত ভারত ক্লান্তা ১৪টি ভোট পেয়ে জয়ী হন। কংগ্রেস সমর্থিত মীনাক্ষী পান ১০টি ভোট।

হিমাচল প্রদেশ বিজেপির সভাপতি ড. রাজীব বিন্দল বলেন, এই জয় প্রমাণ করছে যে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা হারাবে। তিনি ভোটার ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। তাঁর অভিযোগ, বিজেপিকে আটকাতে কংগ্রেস ক্ষমতার অপব্যবহার করেছিল, কিন্তু শিমলা জেলা পরিষদে জয় আটকাতে পারেনি।