ভারতবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রীকে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতবিরোধী মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার সেন্টার-রাইট লিবারাল পার্টির সিনেটর জেসিন্টা নামপিজিনপা প্রাইস। সম্প্রতি একটি রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় প্রচুর সংখ্যক ভারতীয়কে প্রবেশ ও থাকার অনুমতি দেওয়া হচ্ছে, যার ফলে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং তাঁর দলের রাজনৈতিক স্বার্থ হাসিল হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্তের কারণে অস্ট্রেলীয় নাগরিকরা জীবনযাপনের খরচ বৃদ্ধি, চাকরির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জোরালোভাবে প্রতিবাদ করেন এবং ভারতীয় সম্প্রদায়ের মানুষের প্রতি সেনেটরের মন্তব্যকে মিথ্যা বলে কটাক্ষ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “ভারতীয় সম্প্রদায়ের মানুষের মনে আঘাত লেগেছে। সেনেটরের করা এই মন্তব্য সম্পূর্ণ অসত্য। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত।” পাশাপাশি তিনি জানান, প্রাইসের নিজের দলের অন্যান্য সহকর্মীরাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলও এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সিনেটর প্রাইসের দৃষ্টিভঙ্গি অগ্রহণযোগ্য বলেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষ মিলেই ভারতীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি প্রাইসের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৫ হাজার ৮০০, যা গত দশকের তুলনায় প্রায় দ্বিগুণ। এ ছাড়া আরও হাজার হাজার মানুষ রয়েছেন, যাঁরা ব্যক্তিগত বা পারিবারিকভাবে ভারতের সঙ্গে সম্পর্কিত। তবে দেশটির একাংশের মধ্যে ভারতীয় অভিবাসনের বিরোধী মনোভাব দিন দিন জোরালো হচ্ছে।
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতীয় সম্প্রদায়ের মর্যাদা ও সম্মান রক্ষার দাবি। পাশাপাশি রাজনৈতিক মহলে জোরালোভাবে বলা হচ্ছে, গণতান্ত্রিক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার উচিত বৈষম্যবিহীন, সহনশীল ও সংহত মনোভাব বহাল রাখা।


