দিল্লিতে দুর্গাপুজোয় ১২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবে পুজো কমিটিগুলি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুজোয় কল্পতরু দিল্লির বিজেপি সরকার। দিল্লিতে দুর্গাপুজোয় ১২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবে পুজো কমিটিগুলি। এছাড়া একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। মাত্র প্রথম বছরে দিল্লি সরকার দুর্গাপুজো ও রামলীলা আয়োজনকে কেন্দ্র করে বিশেষ ঘোষণা নিয়ে এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নির্দেশে মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, এই বছর দুর্গাপুজো আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হবে। প্রতি পুজো কমিটিকে দেওয়া হচ্ছে ১২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, পাশাপাশি সিকিউরিটি ডিপোজিট হিসেবে এখন শুধু ২৫ শতাংশ জমা দিতে হবে।
এছাড়াও, অনুমোদনের জটিল প্রক্রিয়া দূর করে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে পুজো কমিটিগুলি একাধিক দপ্তরে ঘুরে বেড়াতে না হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা, জল, স্বাস্থ্য, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অগ্নি নিরাপত্তাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা প্রথম থেকেই নিশ্চিত করার কথা জানানো হয়েছে দিল্লি সরকারের তরফে।
এই বিশেষ উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। বঙ্গ বিজেপির ২৭ জন নেতা, বিধায়ক ও সাংসদ দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি কমিটিগুলোর সঙ্গে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।


