Thursday, May 28, 2026
Latestদেশ

ওয়াকফ আইনকে সমর্থন করায় বিজেপি সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থনের জেরে ভয়াবহ হামলার শিকার হলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর রাজ্য সভাপতি আশকার আলি মাকাকমায়ুম। রবিবার বিকেলে তাঁর থৌবাল জেলার বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতা চড়াও হয়, বাড়িতে ভাঙচুর চালিয়ে শেষে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের মতে, জনতার বেশির ভাগই মুসলিম সম্প্রদায়ের। তারা প্রথমে জানালার কাঁচ ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। তার পরেই আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়েও পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। বিক্ষোভকারীরা রাস্তা আটকে তাঁদের বাধা দেয়।

সূত্রের খবর, আশকার আলি ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে মত প্রকাশ করেছিলেন এবং সামাজিক মাধ্যমে এই বিলের বিরোধীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাতেই ক্ষোভ চরমে ওঠে।

হামলার পর আশকার আলি একটি ফেসবুক পোস্টে ক্ষমা চান এবং ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের আর্জি জানান। তিনি লেখেন, “এই বিল নিয়ে রাজনীতি না হোক, আমাদের সম্প্রীতির সমাজে বিভাজন নয়, ঐক্য হোক প্রধান লক্ষ্য।” সেই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজুকে ট্যাগ করেন।

পুলিশ ইতিমধ্যেই ঘটনায় মামলা রুজু করেছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনাটি রাজ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। NDTV