Tuesday, March 10, 2026
Latestআন্তর্জাতিক

রাশিয়া সফরে বাংলাদেশের সেনাপ্রধান, অ্যাজেন্ডা কী?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে ঘিরে একাধিক খবর শিরোনামে উঠে এসেছে। রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ায়, যখন তিনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি-র দুই যুব নেতা হাসনাত ও সারজিস আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশেষ করে হাসনাতের সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা—বাংলাদেশ কি সেনা অভ্যুত্থানের দিকে যাচ্ছে?

এই পরিস্থিতির মধ্যেই মার্চের শেষে সেনানিবাসে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওয়াকার উজ জামান গুজবের বিরুদ্ধে সরব হন। সেনাবাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার বার্তা দেন তিনি। এরই মাঝে ৫ এপ্রিল বাংলাদেশের সেনাবাহিনী ঘোষণা করে যে, সেনাপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন।

সফরটি সরকারি এবং পূর্বনির্ধারিত বলে জানানো হয়েছে। রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি, পরিদর্শন করবেন সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কিছু কারখানা ও স্থাপনা। ১০ এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন এবং ১২ এপ্রিল দেশে ফিরবেন।

এই সফর এমন এক সময়েই হচ্ছে, যখন রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। যদিও সরকারিভাবে একে কেবল ‘দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার’ করার প্রচেষ্টা বলা হয়েছে, রাজনৈতিক মহলে এই সফর ঘিরে নানা ব্যাখ্যা ও অনুমান ভেসে বেড়াচ্ছে।