ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি জানালেন ভজন সম্রাট অনুপ জালোটা, সপক্ষে যুক্তিও দিলেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতকে হিন্দু রাষ্ট্র করার দাবি নিয়ে বিতর্ক বহুদিনের। এবার ফের সেই বিতর্ক উস্কে দিলেন ভজন সম্রাট অনুপ জালোটা। একটি ভিডিওর মাধ্যমে তিনি এই বার্তা দিয়েছেন। তার এই বার্তার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে অনুপ জালোটাকে বলতে শোনা যায়, “যখন ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল, তখন পাকিস্তানকে ইসলামিক দেশ ঘোষণা করা হয়। কারণ, সেখানে মুসলিম মানুষের আধিক্য বেশি। তেমন ভারতেও হিন্দু জনসংখ্যা বেশি। তাহলে কেন এই দেশকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হবে না? এবার এটা হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বিশ্বে কোনও হিন্দুরাষ্ট্র নেই। নেপাল একসময় হিন্দুরাষ্ট্র ছিল, কিন্তু এখন আর তা মানা হয় না। ভারতকে অবিলম্বে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত, কারণ এখানেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং তাঁরা সবাই সেটাই চান। এতে কারও কোনও ক্ষতি হবে না।”
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে অনুপ জালোটা বলেন, “সরকার পরিবর্তনের পর কাশ্মীর এখন আগের থেকে অনেক শান্ত। কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডও কমে গেছে। এবার দেশকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত। এ বিষয়ে আমি আমার মতামত জানিয়ে দিলাম।”

