আমাদের পরমাণু বোমা আছে, অথচ ভাঁড়ারে চাল-গম নেই, আমি লজ্জিত: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের অধিকাংশ রেশনের দোকান বন্ধ। বিদ্যুতের অভাবে জলের পাম্প চালানো যাচ্ছে না। ফলে জলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কাছে সাহায্যের জন্য ছুটে বেড়াতে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও সাহায্য চেয়েছেন তিনি।
সমস্যা মেটাতে শাহবাজ শরীফ সংযুক্ত আরব আমির শাহী গিয়েছেন। সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়ে বার্তা দিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রী সাফ বলেন, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমি লজ্জিত। আমি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছি। আমার এইটা ভেবে খারাপ লাগছে যে আমাদের দেশের হাতে পরমাণু বোমা আছে। অথচ ভাঁড়ারে চাল-গম নেই।”
শাহবাজ শরীফ বলেন, “ভারতের সঙ্গে আমরা তিনবার যুদ্ধ করেছি। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আগ্রহী। আমাদের দুই দেশের মধ্যে কথা শুরু হওয়া দরকার। আমরা যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরই ঠিক করতে হবে আমরা কী দেশকে ফের যুদ্ধের দিকে ঠেলে দেব নাকি মুখোমুখি বসে কথা বলে একে অপরকে সহায়তা করব।” – The Hindu

