Friday, May 1, 2026
দেশ

জম্মু-কাশ্মীরে ১০০ ফুট উচু জাতীয় পতাকা উত্তোলন

শ্রীনগর: ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে গোটা দেশে সাজো সাজো রব পড়ে গিয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানাবিধ প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তি ও দেশপ্রেমের প্রতীক হিসাবে জম্মু-কাশ্মীরের গুলমার্গে ১০০ ফুট উঁচু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা। উপত্যকায় ১০০ ফিটের জাতীয় পতাকার ছবি সামনে আসতেই ভাইরাল হয়েছে সেই ছবি।

ভূস্বর্গে ১০০ ফিটের জাতীয় পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনাবাহিনী এবং সোলার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যৌথভাবে। দীর্ঘ উচ্চতার এই পতাকা কাশ্মীরে শান্তি ও দেশপ্রেমের নয়া যুগের সূচনা করবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১০ আগস্ট এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হল।


নর্দান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে জোশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি শহিদ জওয়ানদের পরিবারের সদস্যদের সম্মানিত করেন। গুলমার্গের সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে সুউচ্চ এই পতাকাটি স্থাপন করা হয়েছে।জাতীয় পতাকার পটভূমিতে সেলফি তোলার জন্য স্মৃতিসৌধে আগত পর্যটকদের জন্য স্মৃতিস্তম্ভ ইতিমধ্যে একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

জোশি বলেন, পতাকা হল অসংখ্য কাশ্মীরিদের প্রতি শ্রদ্ধা যাঁরা জাতির ঐক্য ও অখণ্ডতা রক্ষায় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। ঘটনাক্রমে, গুলমার্গ নিয়ন্ত্রণ রেখা বরাবর এই জায়গা দিয়ে ১৯৬৫ সালে পাকিস্তানি সেনারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। রাখাল বালক মহম্মদ দীন তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে সতর্ক করেছিল। ভারতীয় সেনাবাহিনী পাক অনুপ্রবেশ রুখে দিয়েছিল। বানচাল হয়ে গিয়েছিল পাকিস্তানের ঘৃণ্য নকশা।

এদিকে স্বাধীনতা দিবসের আগে নতুন করে ফের উত্তপ্ত হয়ে পড়েছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা। জঙ্গি দমনে কড়া অবস্থান নিয়েছে ভারতীয় সেনা। স্বাধীনতা দিবসের আগে অশান্তি এড়াতে কড়া নজর রাখছে ভারতীয় সেনা।