Wednesday, April 15, 2026
রাজ্য​

ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা তৃণমূল কর্মী-সমর্থকদের, আহত ৬ জওয়ান

ক্যানিং: অতীতের নির্বাচনে পশ্চিমবঙ্গে সহিংসতার চিত্র দেখা গিয়েছে। তাই রাজ্যে এবার শান্তিপূর্ণ নির্বাচন করতে ১০০০-রও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই কেন্দ্রীয় বাহিনীর উপরেই হামলা চালানো তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনায় উত্তপ্ত পূর্ব ক্যানিং (Canning) বিধানসভার জীবনতলা বাজার এলাকা।

জানা গিয়েছে, শনিবার রাতে ওই এলাকায় সভা ছিল তৃণমূলের। ওই সভার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কথা কাটাকাটির জেরে তুমুল অশান্তির সৃষ্টি হয়।

যানজট নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করেন জওয়ানরা। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় জওয়ানদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। ইঁটের আঘাতে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৫-৬ জওয়ান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। তড়িঘড়ি ওই এলাকায় আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যান। তাঁরা ব্যাপক লাঠিচার্জ করেন। লাঠিচার্জে জখম হন কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক। গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি এসডিপিও-র নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও পুলিশ জানিয়েছে, তৃণমূল কর্মী-সমর্থকরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ইট ছোঁড়ে। তার জেরেই অশান্তি সৃষ্টি হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।